
নীল জলরাশির হাতছানি: কক্সবাজারে সাত দিনের স্মরণীয় ভ্রমণ
মুহাম্মদ আজিজুল হক
মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে, যা দীর্ঘদিন মনের গভীরে লালিত হয়। সময় ও সুযোগের অভাবে অনেক সময় সেই স্বপ্ন পূরণ হতে দেরি হয়। তেমনই আমার একটি দীর্ঘদিনের স্বপ্ন ছিল কক্সবাজারের সমুদ্রসৈকত দেখার। বহুদিনের ইচ্ছা, অথচ যাওয়া হয়ে উঠছিল না। অবশেষে হঠাৎ করেই সেই স্বপ্ন পূরণের সুযোগ এসে গেল। একদিন হঠাৎ দেখা হয়ে গেল নুরুল ভাইয়ের সঙ্গে। কথায় কথায় তিনি জানালেন, তাঁরা কক্সবাজার যাচ্ছেন। এরপর সরাসরি প্রশ্ন করলেন, ‘ভাই, আমরা কক্সবাজার যাচ্ছি, আপনি যাবেন নাকি?’ প্রস্তাবটি শুনে মনের মধ্যে আনন্দের ঢেউ খেলে গেল। চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায় এক বছর পড়াশোনা করেছি। সেখানে দাওরায়ে হাদিস অধ্যয়ন করলেও পড়াশোনার ব্যস্ততায় তখন কক্সবাজার সমুদ্রসৈকত দেখার সুযোগ হয়নি। চট্টগ্রামে থেকেও পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত না দেখে ফিরে আসার আক্ষেপটি মনের মধ্যে রয়ে গিয়েছিল। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ। তাছাড়া মাদ্রাসাও তখন বন্ধ। নুরুল ভাই জানালেন, মাত্র ছয় হাজার টাকা দিলেই যাতায়াত, থাকা ও খাওয়ার ব্যবস্থা তাঁদের পক্ষ থেকে করা হবে। প্রতিদিন দুই বেলা খাবার দেওয়া হবে এবং সাত দিন বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানো হবে। এমন চমৎকার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনো কারণ খুঁজে পেলাম না। তাই আর দেরি না করে রাজি হয়ে গেলাম।
জামগ্রাম বাজার থেকে কক্সবাজারের পথে
অবশেষে এসে গেল সেই বহু প্রতীক্ষিত দিন। ১৯ অক্টোবর ২০২৬। রাতের আঁধারে আমাদের কক্সবাজার যাত্রা শুরু হওয়ার কথা। নির্ধারিত সময়ে সবাই জামগ্রাম বাজারে এসে একত্রিত হলাম। যাত্রার শুরুতেই জামগ্রাম বাজার কেন্দ্রিয় মসজিদে মাগরিবের নামাজ আদায়ের সুযোগ হলো। সেখানে আমার সঙ্গে দেখা হলো মসজিদের ইমাম বন্ধুবর মাওলানা তারিকুল ইসলামের। আমাকে দেখে তিনি আন্তরিকতার সঙ্গে নামাজে ইমামতি করার অনুরোধ জানালেন। তাঁর অনুরোধে আমি মাগরিবের নামাজে ইমামতি করলাম। সফরের শুরুতেই এমন একটি সুন্দর ধর্মীয় পরিবেশে নামাজ আদায় করতে পেরে ভালো লাগল।
নামাজ শেষে সবাই গাড়ির কাছে এসে জড়ো হলাম। আমাদের যাত্রার বাহন ছিল এলাকার বর্ষণ গ্রামের নাদিম ভাইয়ের গাড়ি। গাড়িটির নাম ‘এসআর’ চল্লিশজনের এই আনন্দভ্রমণ দলের সবার আসন নির্ধারণের জন্য লটারির ব্যবস্থা করা হয়েছিল। লটারির মাধ্যমে যার যার আসন নির্ধারিত হলো। আমার সঙ্গে মিজান ভাইয়ের আসনও একই সঙ্গে নির্ধারিত হয়। আমাদের ভাগ্যে পড়ল জে-১,২ নম্বর আসন। লটারির মাধ্যমে আসন নির্ধারণের এই পর্বটিও ছিল বেশ আনন্দময়। সবাই নিজেদের নির্ধারিত আসনে বসে প্রস্তুতি নিতে শুরু করলেন। এরপর শুরু হলো আমাদের স্বপ্নের গন্তব্য কক্সবাজারের উদ্দেশে যাত্রা। রাতভর পথ পাড়ি দিয়ে পরদিন দুপুর গড়িয়ে বিকেলের দিকে পৌঁছালাম কক্সবাজারে। দীর্ঘ যাত্রার ক্লান্তি থাকলেও সমুদ্রের শহরে পৌঁছানোর আনন্দে তা অনেকটাই মুছে গেল। হোটেলে ওঠা, মালপত্র গোছানো, রান্নাবান্না ও খাওয়াদাওয়া করতে করতে সন্ধ্যা নেমে এল কক্সবাজারে পৌঁছেই একটি বিষয় আমাদের বিশেষভাবে নজরে পড়ল। পুরো শহর তখন পর্যটকদের পদচারণায় মুখর। দুর্গাপূজার ছুটিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এমনকি দেশের অনেক মাদ্রাসায়ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর ছুটি চলছিল। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে অসংখ্য মানুষ কক্সবাজারে ছুটে এসেছেন। সন্ধ্যার পর আমরা গেলাম লাবণী সমুদ্রসৈকতে। বিশাল জলরাশি, ঢেউয়ের গর্জন, সৈকতের মানুষের ভিড় ও দোকানপাটের আলো—সব মিলিয়ে এক মনোরম পরিবেশ। অনেকক্ষণ সৈকতে ঘোরাঘুরি করলাম। তবে সেদিন পানিতে নামা হয়নি।
সমুদ্রের জলে আনন্দের উচ্ছ্বাস
পরদিন সকালে নাশতা সেরে আমি,নুরুল ইসলাম,রায়হান, ইউসুফ, ছহিরদ্দিন,মোফা,বাঁধন, গোলাম, লুতু, মিজান শিবলু, রিফাত একসাথে ছুটলাম সমুদ্রসৈকতে। এবার আর শুধু তীরে দাঁড়িয়ে সমুদ্র দেখার পালা নয়, সরাসরি পানিতে নামার প্রস্তুতি। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সমুদ্রের নোনাজলে নেমে পড়লাম। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে পানিতে কাটালাম। ঢেউয়ের সঙ্গে লাফঝাঁপ, ছোটাছুটি আর গোসল—কী যে আনন্দ! কখনো ঢেউ এসে আছড়ে পড়ছে, কখনো আবার আমরা ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতে উঠছি। মনে হচ্ছিল, দীর্ঘদিনের জমে থাকা আনন্দ যেন একসঙ্গে ফিরে পেয়েছি। আমাদের ভ্রমণের সময় কক্সবাজারে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনের দিন লাবণী ও সুগন্ধা বিচে মানুষের এমন সমাগম হয়েছিল যে পা রাখার মতো জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। সৈকতের যেদিকে তাকাই, শুধু মানুষ আর মানুষ। সমুদ্রের ঢেউয়ের পাশাপাশি সেদিন মানুষের ঢেউও ছিল দেখার মতো।
মহেশখালী দ্বীপে একদিন
আমাদের পরবর্তী দিনের গন্তব্য ছিল মহেশখালী দ্বীপ। তবে সেখানে যাওয়ার ব্যবস্থা ছিল নিজ নিজ খরচে। তাই দলের সবাই নয়, আমরা সর্বমোট ২৪ জন মহেশখালী দ্বীপ ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সকালে অটো ভাড়া করে ঘাটে পৌঁছলাম। এরপর দুটি স্পিডবোট ভাড়া করে দ্বীপের উদ্দেশে রওনা হলাম। স্পিডবোটে বসে চারপাশের জলরাশি দেখতে দেখতে মনে হচ্ছিল, সমুদ্রের বুক চিরে আমরা যেন নতুন এক সৌন্দর্যের রাজ্যে প্রবেশ করছি। মহেশখালী পৌঁছে একে একে ঘুরে দেখলাম শ্রীশ্রী আদিনাথ মন্দির, শুটিং ব্রিজ, বড় রাখাইন পাড়া, গোল্ডেন টেম্পল, ঝাউবন, শুঁটকি মহাল এবং স্থানীয়দের মিষ্টি পানের বরজ। প্রতিটি স্থানের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে রাখাইন পাড়ার জীবনযাত্রা, মন্দিরের স্থাপত্য এবং পানের বরজের পরিচর্যা আমাদের নতুন অভিজ্ঞতা দিয়েছে। তবে দ্বীপে যাতায়াতের পথে ঘাটে প্রবেশের জন্য জনপ্রতি ৫০ টাকা করে ফি নেওয়ার বিষয়টি আমাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে।যাওয়ার সময় যেমন ফি দিতে হয়েছে, ফেরার সময়ও একইভাবে দিতে হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তারপরও মহেশখালীর সৌন্দর্য ও ভ্রমণের আনন্দ সেই বিরক্তিকে অনেকটাই ছাপিয়ে গিয়েছিল। নির্ধারিত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে আমরা আবা
Leave a Reply