
জুলাইয়ের বিপ্লব আজো শেষ কথা নয়
শিহাব ইকবাল
মমতার চেয়ে যদি ক্ষমতাই বড়ো হয়,
কেয়ারের চেয়ে যদি চেয়ারই বড়ো হয়,
স্বদেশের চেয়ে যদি বিদ্বেষই বড়ো হয়,
জুলাইয়ের বিপ্লব আজো শেষ কথা নয়।
রহমের চেয়ে যদি অহমই বড়ো হয়,
শাসনের চেয়ে যদি শোষণই বড়ো হয়,
বিবেকের চেয়ে যদি আবেগই বড়ো হয়,
জুলাইয়ের বিপ্লব আজো শেষ কথা নয়।
মননের চেয়ে যদি হননই বড়ো হয়,
বিন্যাসের চেয়ে যদি বিনাশই বড়ো হয়,
রিফর্মের চেয়ে যদি ডিফর্মই বড়ো হয়,
জুলাইয়ের বিপ্লব আজো শেষ কথা নয়।
গতিটার চেয়ে যদি গদিটাই বড়ো হয়,
জিগীষার চেয়ে যদি জিঘাংসাই বড়ো হয়,
একতার চেয়ে যদি যাচ্ছেতাই বড়ো হয়,
জুলাইয়ের বিপ্লব আজো শেষ কথা নয়।
বোধনের চেয়ে যদি নিধনই বড়ো হয়,
জীবনের চেয়ে যদি জীবিকাই বড়ো হয়,
ক্ষমাটার চেয়ে যদি ক্ষমতাই বড়ো হয়,
জুলাইয়ের বিপ্লব আজো শেষ কথা নয়।
Leave a Reply