
পালাসুতা গ্রামে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের নামে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ: অভিযুক্ত আলমগীর ও সহযোগীরা
কুমিল্লার পালাসুতা গ্রামে আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বোমা জাহাঙ্গীরের ভাই আলমগীর এবং তাঁর সহযোগী হিসেবে পরিচিত সালাফী গং বিদ্যুৎ ও গ্যাস সংযোগের আশ্বাস দিয়ে গ্রামের নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ, এমনকি কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন।
বিদ্যুৎ সংযোগে এলাকাভেদে ভিন্ন ভিন্ন টাকা আদায়ের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ মিটার দেওয়ার নামে মেঘনাপাড়া ও রশিদ চেয়ারম্যানের বাড়ি এলাকার গ্রাহকদের কাছ থেকে প্রতি মিটারে ১৭ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্য পাড়ার বাসিন্দাদের কাছ থেকে নেওয়া হয়েছে ৮ হাজার ৫০০ টাকা করে। অথচ একই সময়ে কাজিয়াতল এলাকায় প্রতি মিটারের জন্য মাত্র ৩ হাজার টাকা নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এলাকাভেদে একই ধরনের সংযোগের জন্য এত বিপুল অর্থের পার্থক্য কেন—এ নিয়ে গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রশ্ন ও ক্ষোভ রয়েছে।
শুধু তাই নয়, রহিম বেপারীর কাছ থেকে কৌশলে ৭ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। মধ্যপাড়ার মহিম ফকিরের নাতি দেলোয়ারের কাছ থেকে একটি বিদ্যুৎ মিটারের বিপরীতে ২ লাখ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ছাড়া নিজের বাড়ির আশপাশে ঘনঘন বিদ্যুতের খুঁটি (খাম্বা) স্থাপন করে অন্য এলাকার অনেক বাসিন্দাকে বিদ্যুৎ সংযোগের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগও রয়েছে।
গ্যাস সংযোগের নামে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ
বিদ্যুতের পাশাপাশি গ্যাস সংযোগ দেওয়ার নামেও বড় ধরনের অর্থবাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আলমগীর ও তাঁর সহযোগী সালাফী গং অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার আশ্বাস দিয়ে পালাসুতা গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আদায় করেছেন।
অভিযোগ অনুযায়ী, যেখানে সরকারি নিয়মে প্রতি লাইনে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হওয়ার কথা ছিল, সেখানে গ্রাহকদের কাছ থেকে সর্বনিম্ন ৮০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
কিন্তু সংযোগ দেওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এসব গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেয় বলে স্থানীয়দের অভিযোগ। ফলে একদিকে সাধারণ মানুষ বিপুল অর্থ হারিয়েছেন, অন্যদিকে তাঁদের অনেকেই পড়েছেন আর্থিক ক্ষতি ও ভোগান্তিতে।
ক্ষতিগ্রস্তদের প্রশ্ন, অর্থের দায় নেবে কে?
পালাসুতা গ্রামের ভুক্তভোগী বাসিন্দাদের প্রশ্ন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগের নামে যাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়েছে, সেই অর্থের হিসাব কোথায়? সরকারি অনুমোদন ছাড়া সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়ে থাকলে এর দায়ভার কারা নেবে?
গ্রামবাসীর দাবি, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। যাঁরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়েছেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অর্থ ফেরত পাওয়ার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তাঁরা।
Leave a Reply