
হেমন্তের আগমনে
মহসিন আলম মুহিন
টিনের চালে টাপুর টুপুর শিশির পরে মিষ্টি মধুর,
নদীর বুকেও শান্ত সুর মিষ্টি রোদে স্নিগ্ধ দুপুর।
কাননগুলো ফুলে ভরে নীহার ঝরে তারই পড়ে,
আশা জাগে ধীরে ধীরে নতুন ধানে গোলা ভরে।।
দূর্বাঘাসে মুক্তা হাসে প্রাণ ভরে যায় দেখে,
রবির প্রভা মধুর শোভা তাকে ঘিরে থাকে।
নাচে মন নাচে প্রাণ নতুন নতুন শুভ্রতায়,
ফুল-ফলের পাশাপাশি ইলিশেরও গন্ধ ছড়ায়।।
হরেক রকম ফুল ফোটে ঋতু রাণী হেমন্তে,
শিউলি ফুলের ঘ্রাণ জোটে মন হারায় দিগন্তে।
মন হারিয়ে যায় আমার প্রাণ হারিয়ে যায়,
হেমন্তের সব মুগ্ধতায় চোখ জুড়িয়ে যায়।।
কামিনী, ছাতিম, গন্ধরাজ, আর মল্লিকার সুঘ্রাণে-
দেয় দোলা দেয় মধুর দোলা বাঙালির সব প্রাণে।
নেচে উঠে হিয়া সুভাষ নিয়া বাগান ঘুরে ঘুরে,
জ্যোৎস্না যেন ফুলের চাঁদর অন্তরে অন্তরে।।
পাতা ঝরা বৃক্ষগুলি মন মাতানো নৃত্য করে সদা-
এই ঋতুতে পাই যে মোরা ফলও গাদা গাদা।
চালতা, ডালিম আমলকীতে ঝুড়িগুলো ভরপুর,
কুয়াশার আগে উঠোন জুড়ে হলুদিয়া রোদ্দুর।।
নবান্নের ধূম পড়ে যায় কৃষাণ বঁধুর প্রাণটা জুড়ায়,
সবুজ ক্ষেতে সোনার ফসল কৃষকেরা সুখে ঘুমায়।
হরেক রকম আশা মনে গোলা ভরা নতুন ধানে-
দুঃখ ভুলে আসর জমায় মাতে সবে গানে গানে।।
উঠছে ফসল শুধবে দেনা বড় আশায় বাধে মন,
মাটির ঘরে ফসল সোনা তাই যে সবার নিমন্ত্রণ।
আসবে সবে বসবে আসর বুনবে নক্সীকাথা-
মুখে মুখে গাইবে সবাই হেমন্তের রূপকথা।।
Leave a Reply