সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে
রিপোর্টার: আব্দুস সাত্তার সুমন
শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার চর্চার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে “সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা ২০২৫” আয়োজন করতে যাচ্ছে কুমিল্লা কবি পরিষদ। সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ ইং (শুক্রবার) রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, সেগুনবাগিচা, ঢাকা প্রাঙ্গণে।
আয়োজক সূত্রে জানা যায়, বরাবরের মতো এবারও কুমিল্লা কবি পরিষদ ভিন্নতা ও নতুনত্বের মাধ্যমে সাহিত্যপ্রেমীদের মাঝে একটি অনন্য আয়োজন উপহার দিতে যাচ্ছে। এ সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে “ক্ষুদে কবির সন্ধানে” শীর্ষক বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিভাবান ক্ষুদে কবিরা তাদের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাবে।
এছাড়াও সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা গুণীজনদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে। সৃজনশীলতার স্বীকৃতি প্রদানের মাধ্যমে নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সকল স্তরের মানুষের জন্য অনুপ্রেরণার এক শক্তিশালী উৎস হয়ে উঠবে এবং সমাজে সৃজনশীল চর্চাকে আরও বেগবান করবে।
অনুষ্ঠানকে সফল করার জন্য সকল সাহিত্যপ্রেমী, সংস্কৃতিমনা মানুষ ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।
উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়োজন করছে কুমিল্লা কবি পরিষদ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক এ আর মুজিব।