
মুক্ত বিহঙ্গ
যে ছেলেটি স্বপ্ন ঘুড়ি উড়ায়
নীল আকাশের পারে
শাসন বারণ করো নাকো তাকে
খিল দিয়ো না দ্বারে!
যে ছেলেটি পাখির ডানায় উড়ে-
সাগর নদীর পাড়ে, আলো অন্ধকারে
বাদাম তুলে নৌকা ছুটায়
ঝড় তুফানের বাঁধন টুটায়
সেই ছেলেটির জন্য ভীষণ
মনটা আমার পু'ড়ে ?
সেই ছেলেটির মনে অনেক মায়া
ফুল পাখিদের অনেক ভালোবাসা
লেটোর দলে সেই তো গানের রাজা -
হতেও পারে প্রাণের পাখি বুলবুল -
ঝাঁকড়া চুলের দস্যি ছেলে নজরুল!
মানব জাতির বাঁচায় যারা মান
সেই ছেলেরা আসুক ঘরে ঘরে
বেঁচে থাকুক তারা, তাদেরই সম্মান।
টোকাই
একটি ছেলে সারাটা দিন
পথে পথে ঘুরছে
নোংরা ছেঁড়া বস্তা কাঁধে
ময়লা মাটি খুঁড়ছে!
কালি ঝুলি নোংরা হাতে
আহার খুঁজে ডাস্টবিনে
এ শহরে লক্ষ ধনী -
দেয় না রুটি কেউ কিনে!
ভাঙা চোরা বোতল বাটি
পলিথিন ব্যাগ কুড়ায়
কৌটো শিশি টুকরো লোহা
কাগজ কলম যা পায়!
এ সমাজে টোকাই ওরা
ভিন্ন গ্রহের ছেলে -
আবদুল কালাম হতেও পারে
একটু স্নেহ পেলে।
বৃষ্টি এলো
বৃষ্টি এলো নগর গাঁয়ে
জোয়ার নদীর বাঁধে
ছুটলো চাষী আমন ক্ষেতে
লাঙল জোয়াল কাঁধে।
পড়লো সাড়া ঘরে ঘরে
নতুন দিনের ডাকে
এমন সময় কোন অলসে
ঘরে বসে থাকে।
জেলে পাড়ায় আনন্দ ঢেউ
নৌকা নামায় জলে
কিষাণী সিন্নি রাঁধে যেন
ভরে মাছের থলে।
তাঁতি পাড়ায় ফুটছে মাকুর
ঝম ঝমা ঝম ঝম
দুহাত ভরে বৃষ্টি পেলাম
এটাই খোদার রহম
আলী বাবা
চেহারাটা চকচকে মুখোশের আয়না
ভাজা মাছ উল্টিয়ে কখনো খায়না!
সাদা দাঁত ফকফকে পানবিড়ি চায়না
পিৎজা প্রিয় তার হট ড্রিংকস ডায়না!
ফিটফাট আধুনিক-শিক্ষিত সৈনিক
কলমের খোঁচাতে চুরি করে দৈনিক
বাড়ি খায় গাড়ি খায় উজিরের পিএ সে
শেরাটনে ঘুৃম যায় করেনি বিয়ে সে!
মাঝে মাঝে উড়ে যায় ইন্ডিয়া চায়না
মা বাবা বুড়ো বুড়ী গ্রামে তাই যায় না!
কদম আলী বসে থাকে ছেলেকে পায় না
মা ডাকে ওরে গেদা সৎ পথে আয় না!
ধরাকে সরা ভেবে নাচে তুলে পা -
সে এখন আলী বাবা কেউ জানেনা!
রাজা যায় রাজা আসে ধরা সে খায়না
চেহারাটা চকচকে মুখোশের আয়না!