প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৪, ১১:৫৩ এ.এম
আমার গাঁয়ের উঠোন জুড়ে

আমার গাঁয়ের উঠোন জুড়ে
হাসান জামান
আমার গাঁয়ের উঠোন জুড়ে ছড়িয়ে আছে সুখ
বাঁশের বেড়া মাটির ঘরে মায়ের হাসি মুখ!
কান্না গুলো রান্না করে পাঠাই আকাশ নীড়ে
নিকেল করা বিকেল গুলো নাচে নদীর তীরে!
ঘরে ঘরে ঋণের পাহাড় হাল ছাড়েনি কেউ
ভোর বিহানে পান্তা ভাতে উঠে সুখের ঢেউ।
তোমরা যারা নগর বাসি, খাচ্ছো পোলাও কোর্মা খাসি
রংবাহারি পোশাক পরো, দালান কোঠা প্রাসাদ গড়ো
বাসে ট্রামে মেট্রোরেলে, ছুটতে থাকো মানুষ ঠেলে
ঘড়ির কাঁটায় কাটাও জীবন, গাঁয়ের মাঠে আমরা তখন
উদোম গায়ে রৌদ্র মেখে, দুখের জামা লুকিয়ে রেখে
ভালোবাসার গান গেয়ে যাই,সোনার হরিণ পাইবা না পাই!
সাদা মনের সাদা মানুষ কৃষক মজুর জেলে
পাখির মতন উড়তে থাকি মুক্ত ডানা মেলে!
কাল কি হবে কাল কি হবে তোমরা যারা বলো
জীবন নদীর তরী তোমার করছে টলোমলো
পেটের আগুন নেইকো তোমার মনে আগুন জ্বলে
বুকের ভেতর দুখের নদী একলা বয়ে চলে!
আমার গাঁয়ের উঠোন জুড়ে ছড়িয়ে আছে সুখ
ছড়িয়ে আছে চাঁদের হাসি আমার মায়ের মুখ।।
www.iqrabd24.com